শরণার্থীদের জন্য বাস-ট্রেন বন্ধ করল ডেনমার্ক
শরণার্থীদের প্রবেশ ঠেকাতে এবার জার্মানির সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। তবে এসব শরণার্থীদের দাবি তাদের গন্তব্য ডেনমার্ক নয় বরং সুইডেন।
বুধবার জার্মানি থেকে সুইডেন যাওয়ার ই৪৫ মহাসড়কটি বন্ধ করে দেয় ডেনিশ কর্তৃপক্ষ। ওই দিন দেশটির জাতীয় রেল কোম্পানি জার্মানির সাথে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বুধবার জার্মানি থেকে ট্রেনে করে তিনশ শরণার্থী সুইডেন যাচ্ছিলেন। ট্রেনটি ডেনিশ সীমান্তে এলে কর্তৃপক্ষ এটি বন্ধের নির্দেশ দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শরণার্থীরা ট্রেন থেকে নেমে জার্মানি থেকে সুইডেন যাওয়ার ই৪৫ মহাসড়ক ধরে হাঁটতে শুরু করে। এসময় পুলিশ তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানায়। তবে তাদের ওপর কোনো ধরণের বলপ্রয়োগ করা হয়নি।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং তাদের জানিয়েছি মহাসড়ক ধরে হাঁটা খুবই বাজে চিন্তাভাবনা।’
একই দিন জার্মানি থেকে দুটি ট্রেনে ২৪০ জন শরণার্থী কোপেনহেগেনের প্রধান রেলওয়ে ফেরি বন্দর রোডবাইতে আসে। পুলিশ তাদের শরণার্থী হিসেবে ডেনমার্কে নাম নথিভুক্ত করার অনুরোধ জানালে তারা সেটি প্রত্যাখান করে। শরণার্থীরা জানিয়েছে, তাদের গন্তব্য ডেনমার্ক নয় ; সুইডেন।
পুলিশের মুখপাত্র কারস্টেন অ্যান্ডারসেন বলেন, ‘ আমরা জানি তাদের অনেকেই সুইডেন যেতে চাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই আমরা তা হতে দিতে পারি না। তাই আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তাদের অনেকে যাতে রাজী হয় এবং ট্রেন থেকে বেরিয়ে আসে সেজন্য আমরা ধৈর্য্য ধরে অপেক্ষা করছি।’
এদিকে এ ঘটনায় পরবর্তী নোটিস দেয়ার আগ পর্যন্ত জার্মানির সঙ্গে ডেনমার্কের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুইডেনের আশ্রয়দান সংক্রান্ত নীতি অনেকটাই সহজ হওয়ায় শরণার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে দেশটি। তবে ডেনমার্কের নতুন ডানপন্থি সরকার নির্বাচনের আগে দেশটির অভিবাসননীতি কঠোর করার ঘোষণা করেছিল। এরপরও গত এক সপ্তাহে দেশটিতে তিন হাজার শরণার্থী প্রবেশ করেছে।
সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এসব দেশ থেকে হাজার হাজার লোক আশ্রয় নিতে ইউরোপে প্রবেশ করছে। গত কয়েক মাসে শরণার্থী প্রবেশের সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় বুধবার ইউরোপীয় ইউনিয়ন বুধবার সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক কোটার ঘোষণা দিয়েছে। তবে বেশ কয়েকটি সদস্য দেশ এর বিরোধিতা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













