ডিএনসিসির মার্কেটে আগুন নাশকতা : ব্যবসায়ীদের অভিযোগ


রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে লাগা আগুন নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের মধ্যে তাদের উচ্ছেদের জন্য চক্রান্ত করে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। তারা এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন।
তারা অভিযোগ করেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস তেমনভাবে কাজ করছে না। দোতলা একটি দালানটির ওপর এই মার্কেট, চারপাশে খোলা অথচ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না বলে ক্ষোভ জানান তারা। এর আগে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার বেলা ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মার্কেট মালিক সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদ দাবি করেন, ২০০৩ সালে মেট্রো গ্রুপের সঙ্গে সিটি করপোরেশনের একটি চুক্তি হয়। চুক্তি অনুয়ায়ী এই মার্কেটটি ভেঙে এখানে ১৮তলাবিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এখানকার দোকান মালিকদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে দোকান মালিকদের সঙ্গে সিটি করপোরেশনের একরকম বৈরী সম্পর্ক তৈরি হয়। বহুবার তাদের উচ্ছেদের জন্য হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এ নিয়ে ২০১০ সালে একটি মামলাও হয়েছে। বর্তমান মেয়র আনিসুল হক দায়িত্ব নেওয়ার পর দোকান মালিকদের কোনো হুমকি না দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন।
শের মোহাম্মদের দাবি, এটি নিশ্চিত নাশকতা, তাই আগুন লাগার আধাঘণ্টার মধ্যে ভবনের একাংশ ধসে পড়েছে। সাধারণত আগুন লাগলে এভাবে বিল্ডিং ধসে পড়ে না। এদিকে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা নিয়ে অভিযোগ তোলেন মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা বহু দোকান মালিক। তাদের মধ্যে আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমাদের উচ্ছেদের জন্যই আগুন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাতে মার্কেটের পূর্ব অংশে আগুন লাগে এবং কিছু সময় পর ওই অংশটি ধসে পড়ে। সকাল ৭টা পর্যন্ত মার্কেটের পশ্চিম অংশে কোনো আগুন ছিল না। ফায়ার সার্ভিসের উপস্থিতিতেই আগুন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা মার্কেটে ছড়িয়ে পড়েছে।
এদিকে দুপুরে আবারও ঘটনাস্থলে আসেন মেয়র আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ভবনে কোনো মানুষ চাপা পড়েনি, এটা আল্লাহর রহমত। আগুন পরিকল্পিত, ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে তিনি বলেন, মালিকরা জানেন, আমি জানি না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে উল্লেখ করে আনিসুল হক বলেন, দু-একটি জায়গায় এখনো আগুনের ফুলকি দেখা গেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বলা যাবে না আগুন নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের পুনর্বাসন প্রসঙ্গে মেয়র বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসুক, এরপর দোকান মালিকদের সঙ্গে বসব।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













