সব প্রস্তুতি সম্পন্ন, শেষ দেখা করতে কারাগারে জঙ্গি রিপনের পরিবার


সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলওয়ার হোসেন রিপনের ফাঁসি হবে বুধবার মধ্যরাতে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০ জন জল্লাদকে। জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের নিরাপত্তা। রিপনের সঙ্গে শেষ দেখা করতে তার পরিবারের সদস্যরা সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি মাইক্রোবাস ও একটি সিএনজিতে করে তার পরিবারের ২০ জন সদস্য কারাগারে পৌঁছান।
এর আগে বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, জল্লাদ মো. ফারুকের নেতৃত্বে ১০ জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। আসামি রিপনকে এখন ১০ নম্বর সেলে রাখা হয়েছে। আজ সন্ধ্যায় রিপনের পরিবারকে তার সঙ্গে শেষ দেখা করতে বলা হয়েছে। সাক্ষাৎ শেষে রিপনকে তওবা পড়ানো হবে। তওবার পর মঞ্চের পাশে তাকে বিশেষ সেলে নিয়ে রাখা হবে। ফাঁসি উপলক্ষে মঞ্চ ও বিশেষ সেলে নতুন করে লাল রং করা হয়েছে।
রিপনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামে।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির কাছে করা রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর তা রিপনকে পড়ে শোনানো হয়।
সিলেটে শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে ২০০৪ সালের ২১ মে তৎকালিন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় তিনজন নিহত ও আহত হন ৭০ জন। এ ঘটনার মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন দণ্ড দেন সিলেটের দ্রুত বিচার আদালত।
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













