পঞ্চম ধাপের ইউপি ভোট
৫৩ কেন্দ্রের ভোট স্থগিত


সারা দেশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলযোগের কারণে ৫৩ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৪৪ জেলার ৭১৭ ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষ হয়।
বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, ‘পঞ্চম ধাপের নির্বাচনে ছয় হাজার ৪৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে পরিস্থিতি প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে ৫৩টি ভোটকেন্দ্রর ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্ট পেলে আরো ভোট সেন্টার বন্ধ করে দেওয়া হবে।’
আজ ভোটগ্রহণ চলাকালে নির্বাচনে অনিয়ম করার কারণে একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সিইসি। তিনি আরো বলেন, ‘পঞ্চম ধাপের নির্বাচনে সারা দেশে নির্বাচনপূর্ব অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের অপরাধে ১৪০ জনকে দুই লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।’
আজকে নির্বাচনী সহিংসতায় চার জেলায় দুই প্রার্থীসহ আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হয়।
চট্টগ্রামের পটিয়া থানার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো. ইয়াসিন নামে একজন সদস্য পদপ্রার্থী নিহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কে বি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গুলিতে যুবলীগকর্মী শাকিল নিহত হয়েছেন। অপরদিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ মাদ্রাসাকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে মাটিতে পড়ে সৈয়দ আহমেদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
কুমিল্লার তিতাস উপজেলায় বলারামপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) কামাল উদ্দিন প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘এ পর্যায়েও নির্বাচনে কিছু জায়গায় অনিয়মের ঘটনা ঘটেছে এবং যেখানেই অনিয়ম হয়েছে সে ভোট সেন্টারের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













