বিহারে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু


ভারতের বিহারের পাটনায় ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন ২৬ জন। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল থেকে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার সন্ধ্যায় বিহারের গঙ্গায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। হিন্দুদের ধর্মীয় উৎসব মকর সংক্রান্তিতে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রা নৌকার মাধ্যমে নিখোঁজদের সন্ধান করছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গতকাল এই দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো। নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ অঞ্চলে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্ম সচিব অনিরুদ্ধ কুমার জানান, উদ্ধারকর্মীরা রাতে পানি থেকে ২২টি লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তীর থেকে খুব একটা দূরে নৌকাডুবির ঘটনাটি ঘটেনি। তাই কয়েকজন সাঁতরে নিরাপদেই তীরে উঠতে পেরেছেন। এই ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নগরীর একটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













