আট বছরের পুরোনো ডিম্বাণুতে মা হলেন ডায়ানা!


সাবেক মিস ওয়ার্ল্ড ডায়ানা হেইডেন গত শনিবার যখন হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন, তখন কিছুটা হলেও চিকিৎসা ক্ষেত্রের চমক কাজ করেছে। কারণ শিশুটির জন্ম হয়েছে আট বছর আগে হিমায়িত (ফ্রিজ) করে রাখা ডিম্বাণু থেকে।
বাচ্চাটির নাম রাখা হয়েছে আরিয়া হেইডেন। তার জন্মের মধ্য দিয়ে অন্তত এটা প্রমাণিত হলো ডিম্বাণূ হিমায়িত রাখাটা বেশ কার্যকরী। কারণ এক দশক আগেও বিষয়টি বেশ জটিল ছিল। অনিশ্চয়তা থাকত বাচ্চার জন্ম নিয়ে।
পেশাগত কারণে আগে বিয়ে করতে চাননি ডায়ানা। কিন্তু যেহেতু বেশি বয়সে মা হতে গেলে জটিলতা হয়, তাই ২০০৭ ও ২০০৮ সালে নিজের ১৬টি ডিম্বাণু হিমায়িত করে রাখেন।
মুম্বাইয়ের সান্তা ক্রুজের সুরিয়া মা ও শিশু হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর ডায়ানা বলেন, ‘পেশাজীবী নারীদের তাঁদের শারীরবৃত্তীয় ব্যাপার নিয়ে চিন্তিত থাকা উচিত নয়। তিনি যখন প্রস্তুত নন, তখন তাঁকে বিয়ে করা বা বাচ্চা নেওয়ার জন্য চাপ দেওয়া ঠিক নয়।’
ডায়ানা বলেছেন, ‘মা হওয়ার আগে ভালোবাসার মানুষের খোঁজ পেতে চেয়েছিলাম। তবে পাশাপাশি কেরিয়ারের চিন্তাটাও ছিল। তাই ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলাম।’
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দুই বছর আগে বিয়ে করেন ডায়ানা। পাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক কলিন ডিক। বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর জরায়ুতে সমস্যা রয়েছে, যার নাম এন্ড্রামেট্রিওসিস। তাই হিমায়িত করে রাখা সেই ডিম্বাণু ব্যবহার করে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন।
চিকিৎসক হৃষিকেশ পাই বলেন, ‘ডিম্বাণু হিমায়িত করে রাখার ক্ষেত্রে ডায়ানা হতে পারেন পোস্টার গার্ল। স্বাস্থ্যগত ত্রুটির কারণে ডিম্বাণূ হিমায়িত করে রাখা হয় অহরহই। কিন্তু আমি বলব, জীবনধারার কারণে ডিম্বাণু হিমায়িত করার ক্ষেত্রে তিনিই প্রথম।’
ডায়ানা প্রথমে ফেমিনা মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৯৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন। তাঁকে স্বাস্থ্যদূতও করা হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













