পাকিস্তানে বাঙালির বিজয়ের মাস উদযাপন


বাংলাদেশি খাদ্য উৎসব আয়োজনের মাধ্যমে পাকিস্তানে বিজয়ের মাস উদযাপন শুরু হয়েছে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশের সমৃদ্ধি, সাংস্কৃতিক ভাবমূর্তি এবং ঐতিহ্যবাহী রন্ধনশিল্পকে স্থানীয় সুধিমহলে তুলে ধরার প্রয়াসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশি খাদ্য উৎসব (বাংলাদেশ ফুড ফেস্টিভাল) অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন মহান বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আজ শনিবার স্থানীয় একটি হোটেলে এ উৎসবের আয়োজন করে।
খাদ্য উৎসবে ভাত, পোলাও, খিচুড়ি, গরু, খাসি ও মুরগির গোশত, রুই, আইড়, শোল এবং চিংড়ি মাছের তরকারিসহ হরেক পদের সুস্বাদু খাবার এবং রসগোল্লা, পায়েসসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন পরিবেশন করা হয়।
উৎসবে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বলেন, শস্য-শ্যামল ও নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারে চাল, সবজি ও মাছের প্রাধান্য লক্ষ্য করা যায়। তবে অন্যান্য অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আত্তীকরণের মাধ্যমে বর্তমান বাংলাদেশের খাবার অনেক সমৃদ্ধ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি খাবার এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমান জনপ্রিয়।
অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী নওয়াবজাদা মালিক আহমদ খানও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানস্থলে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শন করা হয়। অতিথিরা গভীর আগ্রহের সঙ্গে সামগ্রীগুলো পরিদর্শন করেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং পাকিস্তানের প্রায় ৩০০ গণমান্য ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা খাদ্য উৎসবে যোগদান করেন এবং বাংলাদেশি খাবার ও এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













