শেষ পর্যন্ত বাঁচানো গেল না ঘড়িয়ালটিকে


শেষ পর্যন্ত বাঁচানো গেল না বিপন্ন প্রজাতির ঘড়িয়ালটিকে। গতকাল শনিবার দিবাগত রাতে ঘড়িয়ালটি ভেসে ওঠে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ঘাট এলাকায় পদ্মা নদীতে। ঘড়িয়ালটির মৃত্যুর মধ্য দিয়ে বিরল প্রজাতির মিঠা পানির কুমিরসদৃশ আরেকটি সরীসৃপ কমে গেল।
গত শুক্রবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের মাছের জালে ধরা পড়ে ওই ঘড়িয়াল। ঘড়িয়ালটি বন বিভাগের মাধ্যমে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয় গত শনিবার দুপুরে।
কিন্তু বিকেল ৪টার দিকে ধলার মোড় এলাকায় আবারও জালে আটকা পড়ে ঘড়িয়ালটি। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে বন বিভাগ সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ঘাট এলাকায় পুনরায় ঘড়িয়ালটিকে পদ্মা নদীতে ছেড়ে দেয়।
ঘরিয়ালটি আনুমানিক পাঁচ ফুট লম্বা।ওজন আনুমানিক ১৫ কেজি। ময়নাতদন্তের পর ঘড়িয়ালটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়।
ফরিদপুর পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন প্রভাত চন্দ্র সেন জানান, আজ রোববার দুপুরে ঘরিয়ালটির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। তিনি জানান, ঘরিয়ালের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পেটের ভিতরও ছিল স্বাভাবিক। দীর্ঘ সময় টানা হেচড়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল ঘরিয়ালটি।এ দুর্বলতার কারণেই মৃত্যু হয়েছে।
ফরিদপুর বন বিভাগের ফরেস্টার নির্মল কুমার দত্ত জানান, বিকেলে শহরের কমলাপুরের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় চত্বরে ঘরিয়ালটিকে মাটিচাপা দেওয়া হয়।
জেলা বন বিভাগ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘড়িয়াল বিরল প্রজাতির মিঠা পানির কুমিরসদৃশ সরীসৃপ। এর বৈজ্ঞানিক নাম গাভিয়ালিস গ্যানজেটিকাস। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যশনাল ইউনিয়ন ফর কনজারভেসন অব নেচার (আইইউসিএন) পরিচালিত জরিপ অনুযায়ী সমগ্র পৃথিবীতে মিঠাপানির এ জাতীয় ঘড়িয়াল রয়েছে ২০০টির মতো। এটি একটি বিপন্ন প্রাণী। আইইউসিএনের বিলুপ্ত প্রায় প্রাণীদের সংকলন ‘রেড ডেটা বুক’-এ স্থান করে নিয়েছে ঘড়িয়াল।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













