ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে


অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্তের হাতে স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার সিফাত।
নিহত আব্দুল মান্নান ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে ও আহত জুম্মন সাবেক ছাত্রলীগ নেতা ও শহরের আশ্রমপাড়া এলাকার মুকুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্তের সাথে দুদিন আগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে যুবলীগ নেতা সজিব দত্ত আব্দুল মান্নানকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পূর্বের ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মান্নানকে দেখতে পেলে যুবলীগ নেতা সজিব দত্ত ও শান্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন আব্দুল মান্নাকে বাচাঁনোর চেষ্টা করলে সজিব ও শান্ত তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আব্দুল মান্নান মারা যান। গুরুতর জখম অবস্থায় ছাত্রলীগ নেতা জুম্মনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী জানান, নিহত আব্দুল মান্নান সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের কাছে জানতে চাইলে সজিব দত্ত সদর থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুব্রত রায় বলেন, ছুরিকাঘাতে আব্দুল মান্নানের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অপর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ রাতেই নিহত আব্দুল মান্নান ও আহত জুম্মনকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার সিফাত জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালে ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













